উইকিমিডিয়া বাংলাদেশ

উইকিমিডিয়া বাংলাদেশ উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি চ্যাপ্টার। এটি বাংলাদেশে উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিভিন্ন শিক্ষামূলক প্রকল্পগুলোর প্রচার ও প্রসারের কাজ পরিচালনা করে। উইকিমিডিয়া ফাউন্ডেশন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান, যারা বিশ্বজুড়ে ওয়েবভিত্তিক বেশকিছু সহযোগিতামূলক ও শিক্ষামূলক প্রকল্প পরিচালনা করে। উইকিপিডিয়া তার মধ্যে অন্যতম। উইকিমিডিয়া বাংলাদেশ, উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি অনুমোদিত চ্যাপ্টার সংগঠন, যারা স্থানীয়ভাবে বাংলা ও অন্যান্য ভাষায় এ ধরণের প্রকল্পগুলোর প্রসারের উদ্দেশ্যে দেশব্যাপী বিভিন্ন প্রচারণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে।

উইকিমিডিয়া বাংলাদেশ এবং এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পারা যাবে প্রতিষ্ঠানটির মূল ওয়েবসাইট http://wikimedia.org.bd ঠিকানা থেকে। পাশাপাশি সামাজিক যোগাযোগের বিভিন্ন প্রফাইল থেকেও আপডেট জানা যাবে।

  • গুগল প্লাস পেজ: http://plus.google.com/101918607631503934751
  • ফেসবুক পেজ : http://www.facebook.com/wikimediabd
  • টুইটার: http://twitter.com/wikimediabd

শিষ্টাচার

উইকিপিডিয়া একটি দলগত কমযজ্ঞ। এ ধরনের যে কোন সম্মিলিত কার্যক্রমে অন্যান্য সদস্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন খুবই জরুরী। উইকিপিডিয়ায় কার্যক্রমে সম্পৃক্ততা এবং একজন আদর্শ উইকিপিডিয়ান হতে আপনাকে যা সাহায্য করবেঃ

  • অন্যরাও যে উইকিপিডিয়ার ভালো চান, সে ব্যাপারে আস্থা রাখুন।
  • অন্যদের সঙ্গে তেমন ব্যবহারই করুন যেমনটি আপনি অন্যদের কাছ থেকে আশা করেন।
  • অনুগ্রহ করে নম্র আচরণ করুন।
  • অন্যদের পক্ষে আপনাকে দেখতে পাওয়া কিংবা আপনার মনের অবস্থা নিশ্চিতভাবে বুঝতে পারা সম্ভব নয়। পরিহাস সব সময় বোঝা যায় না, আর কাটাকাটা লেখা অনেক সময় অনেকের কাছে অপমানসূচক মনে হতে পারে। তাই শব্দচয়নের ব্যাপারে সতর্ক হোন - আপনি যে অর্থে কথাটি বলতে চেযেছিলেন অন্যরা সেটিকে সে অর্থে নাও নিতে পারেন।
  • কোনো নিবন্ধের আলাপ পাতায় কিছু লিখলে তার শেষে আপনার সই ও তারিখ দিন যা চারটি টিল্ডা দিলেই স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।
  • একমত হওয়ার লক্ষ্যে কাজ করুন।
  • তথ্য নিয়ে বিতর্ক করুন, ব্যক্তিত্ব নিয়ে নয়। ব্যক্তিগত আক্রমণ করবেন না।
  • প্রশ্ন এড়াবেন না।
  • যদি কেউ আপনার সম্পাদনা নিয়ে দ্বিমত পোষণ করে, তবে আপনার সম্পাদনার স্বপক্ষে ভালো কারণ দিন।
  • যদি কোন বিষয়ে প্রত্যুত্তর দিতে না পারেন, তবে হার মেনে নিন। অথবা স্বীকার করুন যে আপনি স্বজ্ঞা (intuition) বা নিজস্ব পছন্দের (taste) কারণে দ্বিমত পোষণ করছেন।
  • নির্দিষ্ট, সুচিন্তিত পক্ষ না নিয়ে অযথা অন্যদেরকে বিতর্কে জড়াবেন না।
  • ভদ্র আচরণ করুন।
  • যদিও উত্তপ্ত বিতর্কে জড়িয়ে গেলে এরকম আচরণ করা স্বাভাবিকভাবেই কঠিন, তবুও অন্য পক্ষ যদি আপনার সাথে ভদ্র আচরণ না করেন, তবে আপনি অন্তত তাঁর চেয়ে বেশী ভদ্রতা দেখান, কম নয়।
  • ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত থাকুন।
  • ক্ষমা করে দিন ও ভুলে যান।
  • নিজের পক্ষপাতগুলোর ব্যপারে সচেতন হোন ও সেগুলো পরিহারের চেষ্টা করুন।
  • যদি প্রযোজ্য হয়, তবে অকাতরে প্রশংসা করুন।

কপিরাইট

উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ। অন্যান্য প্রায় সকল বিশ্বকোষ কপিরাইট বা মেধাসত্ত্বের বেড়াজালে আবদ্ধ, উইকিপিডিয়া সেরকমটি নয়। কপিরাইটযুক্ত বলে অন্য বিশ্বকোষ যে কেউ চাইলেই কপি ও বিতরণ করতে পারেন না, অর্থের বিনিময়ে কেনা ছাড়া এসব বিশ্বকোষ ও তার তথ্য সংগ্রহ ও বিতরণ করা আইনত নিষিদ্ধ। অন্যদিকে উইকিপিডিয়ার সব লেখা ও ছবি যেকোনো মাধ্যমে প্রকাশ, ব্যবহার, ও বিতরণ যে কেউ চাইলেই করতে পারে। এই কারণেই উইকিপিডিয়ায় কোন স্বত্ব সংরক্ষিত লেখা প্রদান করা যায় না। উইকিপিডিয়ায় আপনার সকল লেখালেখি/অবদানও হতে হবে মুক্ত লাইসেন্স - গনু ফ্রি ডকুমেন্টেশন লাইসেন্স (GFDL)-এর আওতায় বিনামূল্যে প্রাপ্য ও হস্তান্তরযোগ্য। এর অর্থ যে কেউ উইকিপিডিয়ার লেখা ব্যবহার, পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধণ এবং বিতরণ করতে পারবেন। স্বত্ব সংরক্ষিত কোন লেখা বা ছবি স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া এখানে জমা দেবেন না। শুধুমাত্র পাবলিক ডোমেইন-এর বিষয়বস্তুই প্রকাশকের অনুমতি ছাড়া এখানে যোগ করা যাবে। উদাহরণ স্বরূপ, ইন্টারনেটে কোনো সাইটে পাওয়া কোনো ছবি কপি করে এখানে যোগ করা যাবে না, যদি না ঐ ছবিটি মুক্ত লাইসেন্স (GFDL বা Creative Commons Attributions License) এ থাকে। সেরকম ইন্টারনেট বা কোনো বই-পুস্তক থেকে কোনো লেখা সরাসরি দেয়া যাবে না। অবশ্য লেখা যদি ভাষান্তর করে অর্থাৎ নিজের ভাষায় গুছিয়ে লিখে দেয়া হয় ও মূল লেখাটির তথ্যসূত্র বা রেফারেন্স দেয়া হয়, তাতে সমস্যা নেই। অন্য ভাষার লেখাকে অনুবাদ করে মূল লেখার সূত্র উল্লেখ করাও চলবে।