উইকিমিডিয়া কমন্স

উইকিমিডিয়া কমন্স প্রধান পাতা
উইকিমিডিয়া কমন্স প্রধান পাতা

উইকিপিডিয়া এবং এর সহ প্রকল্প সমূহে বিপুল পরিমান ছবি, অডিও এবং ভিডিও ফাইল ব্যবহার করা হচ্ছে। উইকিপিডিয়ার এক একটি নিবন্ধ বিভইন্ন ভাষায় লেখা হয়ে থাকে, আলাদাভাবে আপলোড করা হলে প্রতিটি ভাষার নিবন্ধের জন্য আলাদাভাবে আপলোড করতে হতো। উইকিমিডিয়া কমন্স commons.wikimedia.org হল এমন একটি প্রকল্প যেখান থেকে অন্যান্য সকল উইকি প্রকল্পে মিডিয়া ফাইলসমূহ সহজেই ব্যবহার করা যায়। এখানে আপলোড করা ফাইলসমূহ উইকিপিডিয়া, উইকিসোর্স এবং উইকিবুক এর মত প্রকল্পসমূহে সরাসরি ব্যবহার করা যায়।

উইকিমিডিয়া কমন্সে ছবি আপলোডের নিয়ম

উইকিমিডিয়া কমন্সে ছবি আপলোড করার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে:

ছবির বিষয় নির্বাচন

আপলোড করার ক্ষেত্রে ছবির সঠিক বিষয় নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ। শিক্ষামূলক, বিশ্বকোষে রাখার উপযোগী ছবিই কেবলমাত্র আপলোড করা যাবে। কারও পারিবারিক বা ব্যক্তিগত ছবি প্রকাশের জায়গা নয় এটি।

ছবিটি সম্পর্কে তথ্য যোগার

যে ছবিটি আপলোড করা হচ্ছে সেটি সম্পর্কে যতটা সম্ভব বিস্তারিত এবং সঠিক তথ্য যোগার করুন এবং ছবিটির সাথে যুক্ত করে দিন। কোন ধরনের বর্ণনা লেখা না থাকলে অনেক ক্ষেত্রই ছবিটি পরবর্তীতে ব্যবহার অনুপযোগী হয়ে যায়।

ছবির আকার এবং ধরণ

উইকিমিডিয়া কমন্সে ছবি আপলোড করার ক্ষেত্রে আকার বা রেজুলেশনের ব্যপারে বিশেষ কোন নিয়ম নেই। তবে অবশ্যই এবম ছবি দেয়া উচিত যেন বিষয়বস্তু স্পষ্টভাবে বুঝতে পারা যায়। এমন ছবি দেওয়া উচিত যাতে ছবিটিতে তার বিষয় সমূহ স্পষ্ট ভাবে প্রকাশ পায়। এবং সবসময়ই উচ্চ রেজুলেশনের ছবি প্রদানে উৎসাহিত করা হয়।

ছবির ক্ষেত্রে উইকিমিডিয়া কমন্স JPEG/JPG, GIF, PNG,TIFF, SVG, XCF অথবা .sxd ফরমেট অনুমোদন করে। তবে ওপেন সোর্স ফরমেট যেমন PNG এবং SVG গুলোকেই উৎসাহিত করা হয়।

ছবিতে অবশ্যই কোন রকম বর্ডার দেয়া যাবে না। সময়, তারিখ, ফটোগ্রাফারের নাম ইত্যাদি তথ্য ছবির উপর জলছাপ হিসাবে যুক্ত করে দেয়া যাবে না। এই তথ্যসমূহ সাধারণত ছবির মেটা ডাটাতে লেখা থাকে এবং সেখান থেকেই এই বিষয়গুলি নিশ্চিত হওয়া যায়।

ছবির কপিরাইট

ছবি আপলোডের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল কপিরাইট। কপিরাইট মুক্ত ছবিসমূহই কেবলমাত্র এখানে দেয়া যাবে। ছবিটি নিজের তোলা হলে এর কপিরাইট আপনাকে ছেড়ে দিতে হবে। এখানকার সকল ফাইলসমূহ জিএফডিএল (GFDL-GNU Free Documentation License) অথবা ক্রিয়েটিভ কমন্সের লাইসেন্সের অধিনে প্রকাশিত। কপিরাইট যুক্ত ছবিসমূহ আপলোড করা হলে পরবর্তীতে মুছে ফেলা হয়।

আপলোড উইজার্ডের মাধ্যমে আপলোড করা

“It is entirely my own work” লিংকে ক্লিক করা হলে আপলোড ফর্মটি দেখতে নিচের মত হবে। এখানে Source filename এর পাশের ব্রাউজ বাটনটি ব্যবহার করে কম্পিউটার থেকে ফাইলটি নির্বাচন করতে হবে। Destination filename অংশে দেখানো হয় ছবিটি কি নামে কমন্সে সংরক্ষিত হবে। সাধারনত ফাইলটি যে নামে কম্পিউটারে রয়েছে সরাসরি সেই নামে আপলোড করা হয়। তাই এমন একটি নাম ব্যবহার করতে হবে যেটি পড়ে ছবিটি সম্পর্কে একটি সাধারণ ধারনা পাওয়া যায়।

ছবিটি নিজের তোলা হবে Original source: অংশে {{own}} লিখুন। Author অংশে ছবিটির মূল মালিক বা চিত্রগ্রাহকের নাম উল্লেখ করতে হবে। Date of the work -এ ছবি তোলার তারিখ, “YYYY-MM-DD” ফরম্যাটে লেখতে হবে। Description অংশে ছবিটি সম্পর্কে সংক্ষিপ্ত একটি বর্ননা লিখতে হবে। Other versions, Permission এবং Additional info আপাতত খালি রাখা যেতে পারে। Licensing এর পাশের ড্রপ ডাউন মেনু থেকে লাইসেন্স নির্বাচন করতে হবে। সাধারণভাবে কমন্সে Multi-license with CC-BY-SA-3.0 and GFDL লাইসেন্সটি ব্যবহার করার পরামর্শ দেয়া হয়ে থাকে। আপলোডের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হল ক্যাটেগরী যুক্ত করা। ক্যাটেগীর অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। উদাহারণ স্বরূপ বলা যেতে পাতে ঢাকা শহরে বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে। এমন কোন মসজিদের ছবি আপলোড করা হলে এর ক্যাটেগরী হিসাবে ঐ মসজিদের নাম ব্যবহার করতে হবে। এবং এখানে এটি লক্ষ্য রাখতে হবে যে মসজিদের নামটি Mosques in Bangladesh ক্যটেগরীর অন্তর্ভুক্ত থাকে। একই ভাবে বাংলাদেশের অন্যান্য বিষয়ের ছবি আপলোড করতে হলে ছবির এমন একটি ক্যাটেগরী নির্বাচন করতে হবে যেন বাংলাদেশের অন্যান্য ছবিগুলির সাথেই এটিকে খুজে পাওয়া যায়। এবং সম্পূর্ণরূপ নিশ্চিত না হয়ে কোন বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত করা উচিত না। ক্যাটেগরী নিশ্চিত না হলে বাংলাদেশের ছবিগুলি আপলোড করার সময় ক্যাটেগরী হিসাবে Bangladesh ব্যবহার করা যেতে পারে। এই বিষয়শ্রণীতে আপলোড করা হলে অন্যান্য অভিজ্ঞ ব্যবহারকরীরা ছবিগুলি সঠিক ক্যাটেগরীতে অন্তভুক্ত করার কাজটি করে দেবেন।

সবসময় মনে রাখতে হবে যে ছবি আপলোডের ক্ষেত্রে উপরে উল্লেখিত প্রতিটি বিষয় গুরুত্বপূর্ণ। এর কোনটি বাদ দিয়ে ছবি আপলোড করা হলে পরবর্তিতে সেটি মুছে ফেলা হতে পারে।

ছবি আপলোড করার পদ্ধতি

নিবন্ধিত ব্যবহারকরীই কেবলমাত্র এখানে ছবি, অডিও বা ভিডিও ফাইল আপলোড করতে পারবেন।উইকিপিডিয়ায় রেডিস্ট্রেশন করার মত একই পদ্ধতিতে এখানে অ্যালাউন্ট তৈরী করা যাবে।

লগইন করার পর বাম পাশের সাইডবার থেকে “Upload a file” নামের অপশনটি ব্যবহার করে ফাইল আপলোড করা যাবে। এখানে ক্লিক করলে যে পাতাটি ওপেন হবে সেখানে ছবিটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে সেটি জানতে চাওয়া হবে।

ছবিটি যদি নিজের তোলা হয়ে থাকে তবে “It is entirely my own work” লিংকটিতে ক্লিক করুন। তবে যদি ফাইলটি অন্য কোন স্থান থেকে সংগ্রহ করা হয়ে থাকে সেক্ষেত্রে “It is from somewhere else” লিংকটিতে ক্লিক করতে হবে।

উইকিপিডিয়ানদের পারস্পরিক যোগাযোগ

উইকিপিডিয়া হল ব্যবহারকারীদের সম্মেলিত প্রচেষ্টায় তৈরী করা একটি বিশ্বকোষ। আর এই কারণে পরস্পরের সাথে যোগাযোগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোন নিবন্ধ সম্পাদনা করা, নতুন প্রকল্প তৈরী করা মত উইকিপিডিয়ার বিভিন্ন কাজ করার জন্য পরস্পরের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়।

এখানে ব্যবহারকারীদের সাথে যোগাযোগ রক্ষার জন্য বেশ কয়েকটি পদ্ধতি প্রচলিত রয়েছে। মূলত “আলাপ পাতা”- এর মাধ্যমেই সাধারণ আলোচনা করা হয়ে থাকে। উইকিপিডিয়ার সম্প্রদায়ের সদস্যদের সাথে সরাসরি আলোচনা করা যাবে “সম্প্রদায়ের আলোচনাসভায়“। বিশেষ কোনো বিষয়ে প্রশাসকদের মতামত বা সাহায্য প্রয়োজন হলে “প্রশাসকদের আলোচনাসভা” পাতার মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে। এছাড়া সরাসরি নির্দিষ্ট কোনো প্রশাসকের সাথে আলোচনা করার জন্য তার ব্যক্তিগত আলাপ পাতাও ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি মেইলিং লিস্ট, আইআরসি চ্যানেল এবং সরাসরি স্বাক্ষাতের মাধ্যমেও পারস্পরিক যোগাযোগ বাড়ানো যেতে পারে।

ব্যবহারকারী আলাপ পাতা

যোগাযোগের জন্য সবথেকে সহজ ও কার্যকর পদ্ধতিটি হল আলাপ পাতা ব্যবহার করা। আপনি যদি উইকিপিডিয়াতে নিবন্ধন করে থাকেন, তবে আলাপ পাতা ব্যবহারের এই বিশেষ সুবিধাটি আপনি পাবেন। নিজের আলাপ পাতা দেখা ও ব্যবহারের জন্য লগ ইন করার পর স্ক্রিনের উপরে আমার আলাপ পাতায় ক্লিক করুন। পাতাটি তৈরি করা না থাকলে তৈরি করে নিতে পারেন। তবে উইকিপিডিয়ায় একাউণ্ট তৈরির পরপরই মূলত আগের কোন ব্যবহারকারী আপনাকে স্বাগত জানানোর মাধ্যমে আপনার আলাপ পাতাটি তৈরি করে দেন। পরে যখন আপনি লগ ইন করে আপনার একাউণ্টে প্রবেশ করবেন তখন নিচের মত একটি বার্তা দেখতে পাবেন:

আলাপ পাতায় নতুন বার্তা
আলাপ পাতায় নতুন বার্তা

এছাড়া আপনি অন্য কোন ব্যবহারকারীকে কিছু জিজ্ঞাস করতে সরাসরি তার আলাপ পাতায় আলাপ পাতায়ও কোন কিছু জিজ্ঞাসা করতে পারেন। ধরুন আপনি ব্যবহারকারী ক এর কাছে কিছু জানতে চাইছেন, এ জন্য আপনি ব্যবহারকারী আলাপ:ক লিখে চল বাটনে ক্লিক করে তার আলাপ পাতায় যান। এবারে তার আলাপ পাতার শেষে আপনার সমস্যাটি উল্লেখ করুন এবং সমস্যাটির শেষে চারটি টিল্ডা (~) যোগ করুন। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে আপনার নাম ও তারিখ সমস্যাটির বর্ণনার শেষে যুক্ত হয়ে যাবে। এখন ঐ ব্যবহারকারী যখন লগ ইন করবেন, তখন তিনি আপনার সমস্যাটি দেখে আপনার আলাপ পাতায় তার সমাধান দিয়ে দেবেন।

মেইলিং লিস্ট

আলাপ পাতার পাশাপাশি ইমেইলের মাধ্যমও যোগাযোগ করা যাবে উইকিপিডিয়ানদের সাথে। https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd এবং https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn ইমেইলিং লিস্ট-এ যোগ দিয়ে উইকিপিডিয়া সম্পর্কিত যেকোন বিষয়ে আলোচনা করা যাবে।

আইআরসি চ্যানেল

উইকিপিডিয়ানদের সাথে সরাসরি বার্তাআদান প্রদান করার জন্য আইআরসি চ্যানেলে যোগাযোগ করা যাবে। #wikimedia-bd (irc://irc.freenode.net/wikipedia-bn) চ্যানেলে লগইন করে সরাসরি কথা বলা যাবে উইকিপিডিয়ানদের সাথে।

সরাসরি স্বাক্ষাত

ইন্টারনেটে ইমেইল বা আইআরসি চ্যাট-এর মাধ্যমে উইকিপিডিয়ানদের সাথে যোগাযোগ করা ছাড়াও সরাসরি স্বাক্ষাতের আয়োজন করা যেতে পারে। এই ধরনের স্বাক্ষাতের পূর্বে সাধারণত উইকিপিতিয়াতে এই অনুষ্ঠান সম্পর্কে একটি পাতা তৈরী করা হয়ে থাকে। সেখানে সম্ভাব্য আলোচনার বিষয়সমূহ তালিকাভুক্ত করা হয় এবং অংশগ্রহনকারীরা তাদের নাম সেখানে যুক্ত করে থাকেন। তবে সবসময়ই যে আনুষ্ঠানিকভাবে গুরুগম্ভির বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয় এমন নয়। পরস্পরের সাথে সাধারণ যোগাযোগ করার উদ্দেশ্যেও সরাসরি স্বাক্ষাত আয়োজন করা যেতে পারে। এই ধরনের আয়োজন করার পূর্বে মেইলিং লিস্ট বা আইআরসি চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠানের তারিখ, স্থান ইত্যাদি বিষয় আলোচনা করা যেতে পারে।